নোয়াখালীতে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কায় ইসরায়েলি পণ্য সরিয়ে এক রেস্তোরাঁ মালিক সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে মাইজদীর সুপার মার্কেটের আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক (জিএম) মো. ওয়ারেস আহমেদ সুমন। তিনি বলেন, গত ৭ এপ্রিল সারাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের খবরে আমাদের প্রতিষ্ঠান থেকে সকল ইসরায়েলি পণ্য সরিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরও কিছু ফেসবুক আইডি থেকে আলিফ রেস্তোরাঁকে ইসরায়েলি পণ্যের আখড়া উল্লেখ করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে।
ওয়ারেস আহমেদ সুমন বলেন, একটি পোস্টে আমাকে ইহুদিদের দালাল আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এবং আলিফ রেস্তোরাঁর বিরুদ্ধে এসব মিথ্যা প্রচারণায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছে। তারা কাজে যোগ দিতে অনিহা প্রকাশ করছেন। এতে আমারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমরা মনে করি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কতিপয় সুযোগ সন্ধানী আলিফ রেস্তোরাঁর নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনঅসন্তোষ তৈরি করছে। এতে আমাদের সুনাম যেমন ক্ষুন্ন হচ্ছে, তেমনি সুযোগসন্ধানীরা হোটেল লুট ও ভাঙচুরের পাঁয়তারা করছে। এ বিষয়ে কর্তৃপক্ষ সুধারাম মডেল থানায় আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।
এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র হিসাব রক্ষক মো. মিলন, রাজু ও আরমান উপস্থিত ছিলেন।
সুধারাম মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইকবাল হোসেন মজনু/মাহফুজ