অনুমতির শেষ মুহুর্তে এসে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে চাল আমদানি হচ্ছে ভারত থেকে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক চাল আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। এদিকে আমদানি বন্ধের খবরে হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির মেয়াদ আরও অন্তত ১৫ দিন বাড়িয়ে দেওয়ার পরামর্শ আমদানিকারকদের।
হিলি বন্দরে চাল কিনতে আসা পাইকার ক্রেতা আনিছুর রহমান বলেন, আমদানি বাড়লেও বন্দরের পাইকারী বাজারে চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। ঈদের আগে প্রতি কেজি মোটা জাতের স্বর্ণা চাল ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়, আর সরু জাতের সম্পা চাল ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮ টাকায়। এভাবে চালের দাম বাড়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।
হিলি বন্দরে চাল কিনতে আসা পাইকারা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, ইদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানি হলেও আমদানির সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। চালের আমদানির মেয়াদ বাড়িয়ে দেওয়া হলে চালের দাম কমে আসবে, এতে বেচা-কেনা ভালো হবে। আমদানি করা এসব চাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ দেশের বিভিন্ন আঞ্চলে সরবরাহ হচ্ছে।
হিলি স্থলবন্দর চাল আমদানিকারক ললিত কেশরা বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে বন্দরে চালের দাম বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এঅবস্থায় অনেকে এসব চাল কিনে মজুদ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে আমদানিকারকরা মনে করেন, নতুন ধান উঠতে এখনো এক মাস বাকি। এঅবস্থায় চাল আমদানির মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের।
হিলি স্থলবন্দরের চাল আমদানি কারক দীনেশ পোদ্দার বলেন, ভারত থেকে চাল আমদানি সময়সীমা চলতি মাসে ১৫ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে চাল উঠতে আরও মাস খানিক সময় লাগবে। এর মধ্যে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে চালের দামে কিছুটা প্রভাব পরতে পারে।
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান রহমান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। সে অনুযায়ী আর মাত্র কয়েকদিন পরেই শেষ হচ্ছে চাল আমদানির মেয়াদ। শেষ মুহূর্তে চাল আমদানিতে জোর দিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। প্রতিদিন রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে ভারত থেকে। প্রতিদিন একশো থেকে দেড়শ ট্রাক চাল আমদানি হচ্ছে এই বন্দরে।
তিনি আরও বলেন, ১১ নভেম্বর ২০২৪ থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ২ লাখ ৪১ হাজার ৯৪৩ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
কুদ্দুস আলী খান/মাহফুজ