ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বলেছেন, ‘দেশের মানুষের কর্মসংস্থানে বড় অবদান রাখছে ইস্পাহানি গ্রুপ। এক সময়ের ছোট এই প্রতিষ্ঠান আজ অনেক বড় হয়েছে। এ বড় হওয়ার পেছনের গল্প আমি নই, আমার কর্মীরা। বোর্ড সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঘামের ফলেই আজ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে ইস্পাহানি গ্রুপ।’
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের (পিটিএল) আধুনিকায়নকৃত ইউনিট-২ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালমান ইস্পাহানি আরও বলেন, ‘এক সময় আমি জানতাম না ব্যাংকে এলসি কীভাবে করতে হয়, বিদেশ থেকে কীভাবে পণ্য আনা যায়, তাও জানতাম না। এক বন্ধু এসব শিখিয়ে দিয়েছিল। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই বছর আগে বিদেশে তুলা থেকে সুতা তৈরির একটি কারখানা পরিদর্শন করেছিলাম, আর আজ দেশে নিজেরাই তৈরি করছি সুতা।’
উৎপাদন সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড BMRE (Balancing, Modernization, Rehabilitation, and Expansion) কর্মসূচির আওতায় এর ইউনিট-২ আধুনিকায়নের কাজ সম্পন্ন করেছে। ১ লাখ ৪২ হাজার স্কয়ার ফিট আয়তনের দ্বিতল ভবনে নির্মিত নতুন ফ্যাক্টরিটিতে স্থাপন করা হয়েছে বিশ্বমানের স্পিনিং মেশিনারি।
উদ্বোধনী অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সালমান ইস্পাহানি বলেন, ‘নতুন এই ইউনিটটি LEED Platinum সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে কাজ করছে। পরিবেশবান্ধব নির্মাণ ও টেকসই শিল্পায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। অটোমেশন এবং স্পিন্ডেল সক্ষমতা বাড়ায় এখন আরও দক্ষভাবে উচ্চমানের পণ্য উৎপাদন সম্ভব হবে।’
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ইস্পাহানি গ্রুপ দেশের টেক্সটাইল শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গুণগত মান, প্রযুক্তির উদ্ভাবন ও পরিবেশবান্ধব নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে সমানভাবে খ্যাতি অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে মির্জা সালমান ইস্পাহানি মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের আধুনিক আইসিটি ল্যাব, অডিটোরিয়াম ও কনফারেন্স রুমেরও উদ্বোধন করেন।
তাওফিক/