ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। নিহত লাল মিয়া পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
আহতরা হলেন- নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম, লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়া।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান বলেন, লাল মিয়া তার এক অসুস্থ খালাকে দেখতে অটোরিকশায় করে পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত রোকেয়া আক্তার, তাসলিমা বেগম, লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।
ওসি বলেন, মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/মাহফুজ