ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১০৩টি চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান, নিরব ইমতিয়াজ শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. শামসুল হক, কামরুজ্জামান ঈসা, আনিসুর রহমান মিয়া, মৌসুমী আক্তার মৌ, মো. শোয়েব আলী, রাকিব হোসেন, মো. চুন্নু শেখ, শেখ বিল্লাল হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার শান্তি কামনা করে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা স্বৈরাচার পতনে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য আহতদের আর্থিক অনুদান দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা নতুন বাংলাদেশের বীর হিসেবে প্রতীয়মান হবে। রাষ্ট্র সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লাখ টাকা আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ করা হয়।
সঞ্জিব দাস/মাহফুজ