প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি দয়া করে তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার গঠন করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচিত করে নাই। পাবলিক চায় তার লোকটাকে সে নির্বাচিত করবে। ভোট সে দিতে চায়। ওই ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই। সরকারের কথা শুনে বিচারক যাতে রায় না দেয় সে ব্যবস্থা আমরা চাই। আমরা আবারও বলছি ড. ইউনূস, আপনি তাড়াতাড়ি নির্বাচনটা শেষ করেন, দেরি না করে সংস্কারগুলো শেষ করেন।
তিনি আরও বলেন, আমরা ভারতকে বারবার বলছি হাসিনাকে ফেরত দাও। এখানে তার বিচার করা হবে। এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনার এদেশের মানুষের প্রতি কোনো দয়া-মায়া নাই। যদি থাকতো তাহলে এভাবে সে পালিয়ে যেত না। আমার নেত্রী খালেদা জিয়া তো পালায়নি।
বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সির হাটে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি লক্ষ্মীরহাটে গণসংযোগকালে বলেন, আমরা যারা রাজনীতি করি কেউ নৌকা কেউ ধানের শীষ বানাচ্ছি। ভাগ করছি। এই ভাগ করাটাই ভয়ঙ্কর। আমরাই ভাগ করে রাখছি হিন্দু আর মুসলমান। আমরা আমাদের স্বার্থে হিন্দু-মুসলমান ভাগ করছি। আমরা আমাদের স্বার্থেই খ্রিস্টানদেরকে ভাগ করেছি, বৌদ্ধদেরকে ভাগ করেছি। অথচ আমরা শত শত বছর ধরে কিন্তু একসঙ্গে বাস করি।
নবীন হাসান/মাহফুজ