জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগরের প্রতিনিধি খন্দকার আল-আমিন বাদী হয়ে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে উল্লেখ করে এজাহার অন্তর্ভুক্ত করেন বাসন থানায়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আল-আমিন জানান, হামলার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে। কোথায় থেকে কাকে আটক করছে কিছুই বলতে পারছেন না তিনি। তার দাবি অসহায় বা নিরপরাধ কাউকে যেন আটক করা না হয়। সন্ধ্যায় গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করে মেট্রোপলিটন পুলিশ।
এর আগে, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করে পুলিশ। রবিবার (৪ মে) থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান জানান, আটকদের বিভিন্ন তথ্য যাচাই করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, রবিবার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত আব্দুল্লাহ। পরে পুলিশি প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
পলাশ প্রধান/মাহফুজ