নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ মে) সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।
আটক আলী আকবর খান (৩০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আ. সাত্তার খানের ছেলে।
এর আগে শুক্রবার (৯ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। অভিযানে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের টুল বক্সের ভেতরে থাকা একটি এসটারা মডেলের বিদেশি পিস্তল (রিভলবার) এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক আলী আকবর খানকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান খবরের কাগজকে বলেন, ‘অভিযুক্ত যুবকের সঙ্গে থাকা পিস্তল ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’