প্রায় এক বছর তিন মাস পর হাইকোর্ট থেকে জামিন পেয়েও কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত একটি পৃথক মামলায় তাকে পুনরায় কারাগারে পাঠায়।
কাজী কেরামত আলীর আইনজীবীরা জানান, ২০২৪ সালের ৩০ আগস্ট জিআর নং-৩৩২/২৪ মামলার ২ নম্বর আসামি হিসেবে তাকে ২০২৫ সালের ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জিআর নং-৩৩৪/২৪ মামলাতেও তাকে আসামি দেখানো হয়।
জিআর ৩৩৪/২৪ মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর এবং জিআর ৩৩২/২৪ মামলায় গত ৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী কেরামত আলী। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে জিআর ৩৬৫/২৪ অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজবাড়ীর ১ নং আমলি আদালতে এ শুনানি হয়। শুনানি শেষে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে পাঠানো হয়।
কাজী কেরামত আলীর আইনজীবী এ্যাড. আশরাফুল ইসলাম আশা খবরের কাগজকে বলেন, কাজী কেরামত আলী একজন বিনয়ী ও সাদামাটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছয়বার জাতীয় সংসদ সদস্য ছিলেন। যেসব মামলায় তাকে আসামি করা হয়েছে, তা জামিনযোগ্য। এ ছাড়া এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ৭৫ বছর বয়সী কাজী কেরামত আলী শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা সেবা প্রদান অত্যন্ত জরুরি।
সুমন বিশ্বাস/থিওটোনিয়াস