চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফেজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে মাহাবুব মাস্টারের বাড়ির প্রবেশদ্বারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন (৬১) ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার বাসিন্দা মৃত অলি বকসুর পুত্র। এ ছাড়াও তিনি প্যারালাইসিস রোগী বলে জানা গেছে।
২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কাশেম খবরের কাগজকে বলেন, 'নিহত নুরুল আমিন একজন প্যারালাইসিস রোগী'। তিনি মাহাবুব মাস্টারের বাড়ির প্রবেশদ্বারের কাছেই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। ট্রেনটি দূর থেকে অনেকবার হুইসেল দেওয়ার পরও নুরুল আমিন রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, প্যারালাইসিস রোগী হওয়ায় ট্রেন আসার আগে তিনি রেললাইন থেকে সরে যেতে পারেননি।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. দিদার হোসেন খবরের কাগজকে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি শনিবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে লোহাগাড়া রেলওয়ে স্টেশন ত্যাগ করে। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরিফুল/রিফাত/মেহেদী/