ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে আহত নাসির উদ্দিন (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৭ মে রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনি গুলিবিদ্ধ হন। নাসির উদ্দিন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় একটি সূত্র খবরের কাগজকে জানায়, গত ১৭ মে রাতে নাসির উদ্দিনসহ কয়েকজন মহেশপুর সীমান্তের চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। সে সময় নাসির উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম জানান, নাসির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পরিবারের পক্ষ থেকে গুলিবিদ্ধ হওয়ার কথা কেউ স্বীকার করেননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে বিজিবি সদস্য পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। এমনকি গুলিতে আহত হওয়ার বিষয়টিও স্বীকার করেননি।’