মাগুরায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা (১৯), হাজিপুর পশ্চিমপাড়ার লাল মিয়ার ছেলে রবিন (১৮) ও শালিখা উপজেলার গোজদুর্ব গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৯)।
তারা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বিকেলে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাজিমকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মজুমদার জানান, দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। একজন হাসপাতালে মারা গেছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।
কাশেমুর রহমান/অমিয়/