ভারতের বিভিন্ন স্থানে করোনার প্রকোপ বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টের এই করোনা ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংক্রমণ এড়াতে দেশের সব বন্দরের মতো বেনাপোলেও সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার (৮ জুন) বন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা গেছে।
সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা যায়, মেডিকেল ডেস্কে দায়িত্বে থাকা উপ-সহকারী কর্মকর্তাদের ভারত থেকে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করছেন।
ভারত থেকে আসা সুধীর মন্ডল বলেন, ‘১০ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরলাম। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা-নিরীক্ষা করেনি।’
আরেক যাত্রী রানী দাস বলেন, ‘একমাস চিকিৎসার পর আজ দেশে ফিরলাম। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনার পরীক্ষা করছে।’
চেকপোস্টের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ‘ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু স্থানে ওমিক্রনের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশে এ ধরনটি যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারির পর ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছি। আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কারও শরীরে করোনা বা ওমিক্রনের উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়।’
এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নজরুল ইসলাম/অমিয়/