পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে লিচু কেনার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মা, মেয়ে ও লিচু বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) সকাল পৌনে ৭টার দিকে ছলিমপুরের মিরকামারী মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেয়ের বাবা।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুমনা খাতুন (৩২) ও তাদের মেয়ে পূর্ণতা (২) এবং লিচু বিক্রেতা আনিছুর রহমান (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে নাটোরের নিজ বাড়িতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে পাশে লিচু কিনতে যান তিনি। লিচু কেনার মুহুর্তে আচমকা একটি ক্যাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে সবাই আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুবর্ণা খাতুন, শিশু পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আহত মফিজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর ও ক্যাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান ওসি।
জাহাঙ্গীর হোসেন/অমিয়/