পদ্মা সেতুতে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।
শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অমিয়/