পটুয়াখালীর বাউফলের উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার উপবৃত্তির টাকা না পাওয়ায় টিসি চেয়ে ভারপ্রাপ্ত সুপার নজির আহম্মেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে কয়েক দফায় মাদ্রাসার বারান্দায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে।
এ সময় মাদ্রাসায় উপস্থিত শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুপারের নানা অনিয়মের বিচার দাবি করেন।
মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী আরাফাত জানায়, ভারপ্রাপ্ত সুপার নজির আহম্মেদ নিয়মিত মাদ্রাসায় না এসে তার ছেলে ইমরান হোসেনকে দিয়ে তার কাজ করিয়ে থাকেন। উপবৃত্তির জন্য খরচ করতে হবে বলে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ৫০০ করে টাকা আদায় করা হয়েছে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি উপবৃত্তির চলতি কিস্তির টাকা পেলেও তাদের মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো টাকা পায়নি।
বিক্ষোভে অংশ নেওয়া ৯ম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া বেগম, ১০ম শ্রেণির নুসরাত, রুপা, ৭ম শ্রেণির আব্দুল্লাহসহ আরও কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যুৎ বিল, পরীক্ষার ফি, স্কাউট ফিসহ বিভিন্ন অযুহাতে তাদের কাছ থেকে বিভিন্ন সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব থাকায় তাদের কথা কেউ শুনছেন না। নিয়মিত ক্লাস পরিচালনা না করায় গত বছর দাখিলে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কিছু বলতে গেলে সুপারের ছেলে ইমরানের ভয়ে চুপ থাকতে হয়। ভয়ভীতি দেখান তিনি। এ সময় শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত সুপারের বিচার দাবি করে অন্যত্র ভর্তির জন্য তাদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দাবি করেন।
এ ব্যাপারে মাদ্রাসার সহসুপার মাসুম বিল্লাহসহ কয়েকজন জানান, ভারপ্রাপ্ত সুপার নিজের মর্জি মাফিক তার ছেলেকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সুপার নজির আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মশিউর মিলন/সুমন/