২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৪০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ। এই অঙ্ক দেশের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার (২৮ জুন) সিলেটে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সাইকেল র্যালির আয়োজন করে।
সকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয় এ র্যালি। ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ উপলক্ষে র্যালিটির আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সুরমা রিভার ওয়াটারকিপার্স’। এতে সংহতি প্রকাশ করে সিলেট সাইকেল কমিউনিটি অংশ নেয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। দাবিগুলোর মধ্যে ছিল জীবাশ্ম জ্বালানিকে ‘না’ বলা, নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি অর্থায়ন নিশ্চিত করা, ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি, মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন এবং দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়নের আহ্বান।
আয়োজকরা জানান, কানাডায় জি-সেভেন সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসির ইন্টারসেশনাল বৈঠক এবং স্পেনে জাতিসংঘের উন্নয়নবিষয়ক অর্থনৈতিক সম্মেলনের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।
সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম কিম উদ্বোধনী বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর শর্ত পূরণে সরকার করব্যবস্থায় পরিবর্তন এনেছে, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং ১৫ বছরে ২৪০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাচার হয়েছে। এই অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী বাহারের সভাপতিত্বে র্যালির উদ্বোধন করেন প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুবুর রহমান। তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম- এই দেশগুলোকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ গ্রহণ বন্ধ করতে হবে এবং তা ফেরত দিতে হবে।
ধরার অন্যতম সংগঠক প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশভিত্তিক অভিযোজন ব্যবস্থাপনার জন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তোলা প্রয়োজন।
কর্মসূচিতে আরও সংহতি জানান ওয়াটারকিপার্স বাংলাদেশের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ্ত অর্জুন, সংগঠক অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সোহাগ তাজুল আমিন এবং সিলেট সাইক্লিং কমিউনিটির এম এন এ জিয়া।