ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফাল্গুনী রায় (২৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফাল্গুনী ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।
রবিবার (২৯ জুন) রাত ১১টার দিকে সীমান্ত পিলার-৬০/১০৫ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (৩০ জুন) মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবি জানিয়েছে, গত দুই বছর আগে ফাল্গুনী যশোর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। এর আগে গত ২৫ এপ্রিল ওই নারী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় কুমিল্লাপাড়া বিওপির বিজিবি সদস্যদের হাতে আটক হন।
পরে বিজিবি তাকে মহেশপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভারতীয় নারীর নামে মামলা করে পুলিশ। মামলার জেরে ৫০ দিন কারাভোগের পরে মুক্তি পেয়ে ওই নারী রবিবার দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করে সোমবার দুপুরে পুনরায় মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে।
মাহফুজুর/রিফাত/পপি/