ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাসেল (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হরিপুর উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, ভোর ৪টার দিকে রাসেলসহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের কিষাণগঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাসেল ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মরদেহ ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে পড়ে রয়েছে।
ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইভাবে ভারতের পক্ষেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে।
দিনাজপুরে অবস্থিত ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান জানান, ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। নিহতের মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং কূটনৈতিকভাবে বিষয়টির সুরাহায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নবীন হাসান/মাহফুজ