চাঁদপুর জেলা জজ আদালতে একটি মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আব্দুল মান্নান খান (মহিন) নামে এক আইনজীবী। সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।
মৃত্যুর সময় আব্দুল মান্নানের বয়স হয়েছির ৫১ বছর।
মান্নান খানের সহকর্মী আইনজীবীরা জানান, মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় মান্নান খান আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আদালতে থাকা অন্য আইনজীবী ও আইনজীবীর সহকারীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় এই আইনজীবীকে হাসপাতালে নেওয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এর পর তাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনজীবী মান্নানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারীবাড়ি। বাবা মরহুম ইসমাইল হোসেন ব্যাপারী।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়িতে বসবাস করতেন।
জানা গেছে, এই আইনজীবী ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন তিনি।
ফয়েজ/পপি/