চট্টগ্রাম বন্দর চ্যানেল কর্ণফুলীর মোহনায় ডুবে যাওয়া ফরচুন নেভিগেশনের মালিকানাধীন এমভি সাবিত হোসেন জাহাজটি বন্দরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ জুলাই রাতে ইনারবার বয়া নং ২ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা এমভি মার্শ শামিমা (লাইটার জাহাজ) জাহাজটিকে ধাক্কা দেয়। এতে এমভি সাবিত হোসেন ডুবে যায়। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও উদ্ধার হয়নি জাহাজটি।
এমভি সাবিত হোসেনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিন উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘সেদিন এমভি সাবিত হোসেন নৌ-পরিবহন ও চলাচল আইনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলন্ত অবস্থায় নৌ-চলাচলের নিয়ম অনুযায়ী মার্শ শামিমাকে সর্বোচ্চ সতর্কসংকেত দেওয়ার পরও বেপরোয়া গতিতে চালিয়ে নৌযান চলাচলের নিয়ম ভঙ্গ করে। আমাদের জাহাজকে আঘাত করে আরও তীব্র গতিতে আউটারের দিকে চলে যায়। এমভি মার্শ শামিমার আঘাতে চল্লিশ লাখ টাকার অধিক মালামালসহ (স্ল্যাগ) আমাদের ছয় কোটি টাকার মুল্যের লাইটার জাহাজটি ডুবে যায়।’
তিনি জানান, এ ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় মার্শ শামিমা জাহাজের মালিক পক্ষকে বিবাদী করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজ চ্যানেলের জন্য অবশ্যই ক্ষতিকর। গত ১৫ জুলাই ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধার করতে মালিক পক্ষকে তাগাদা দেওয়া হয়েছে।
অমিয়/