বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও সাংবাদিক এস মিজানুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ছোট ভাই সাংবাদিক মইনুল ইসলাম জানান, রবিবার (২৭ জুলাই) বিকেলের দিকে বরিশালের বানারীপাড়া পৌরসভাধীন বাড়িতে অবস্থানকালে শারীরিক অসুস্থতা বোধ করেন তার বড় ভাই এস মিজানুল ইসলাম। এরপর তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, স্ট্রোক করেছেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানিয়েছেন, সাংবাদিক এস মিজানুল ইসলামের লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বানারীপাড়া পৌরসভাধীন এলাকার বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ জোহর বানারীপাড়া পৌর এলাকার মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মিজানুল ইসলামের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্যদের বাইরে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রথম জানাজা শেষে লাশ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয় সাংবাদিক এস মিজানুল ইসলামকে।
বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ও স্থানীয় পত্রিকা দৈনিক মতবাদের বানারীপাড়া প্রতিনিধি ছিলেন। এর আগেও তিনি একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় দায়িত্ব পালন করেন।
এস মিজানুল ইসলামের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।