কচুয়া-কাসিমপুর ১০ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানের আস্তর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে গাড়ি আটকে ইঞ্জিন বিকল বা উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এমন অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, কচুয়ার সঙ্গে হাজীগঞ্জ, মতলব উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি জনপথ বিভাগের। ১০ কিমি সড়কটির কচুয়া পৌরসভার পলাশপুর, ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকা, কান্দারপাড়, বালিয়াতলী, চকমাহমুদপুর, গুলবাহার বাজার, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে, দোঘর, কাসিমপুর পর্যন্ত রাস্তার আস্তর ও পাথর উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে হাঁটু পরিমাণ পানি জমে আছে। এসব গর্তে গাড়ি পড়ে গিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
এ সড়ক দিয়ে ঢাকাগামী সুরমা পরিবহনের বাস, মালামালবাহী ট্রাক, মাইক্রোবাস চলাচল করে। ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাত্রীসাধারণের পাশাপাশি ঝুঁকি নিয়ে বেশ কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করছে।
স্থানীয়রা জানান, দুই মাস আগে সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি নামমাত্র সংস্কার করে। কারণ সড়কের বেশির ভাগ অংশেই বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী আবু হানিফ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলে রাস্তা সংস্কার করা হবে।