চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি ও কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই এ ঘটনা ঘটে। এতে গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনা সভা সাময়িক বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব সাব্বির হোসেন অনুষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে গেলে আরেক ছাত্রনেতা ইসমাইল হোসেন সিরাজী বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজন ‘ভুয়া’ ‘ভুয়া’ ও ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে উভয় পক্ষ ধস্তাধস্তিতে জড়ায়। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘আমাদের যারা জুলাইযোদ্ধা, তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এমনকি তাদের কোনো মূল্যায়নই করা হয়নি। সচেতন নাগরিক হিসেবে এই অকৃতজ্ঞদের প্রতিবাদ জানিয়েছি।
এ বিষয়ে সচিব সাব্বির হোসেন বলেন, অনুষ্ঠানটি জেলা প্রশাসনের। এখানে দাওয়াত দেওয়ার বিষয়ে আমরা কেউ না। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।