শ্রাবণ মাসে শ্রী শ্রী রাধা-মাধবের ঝুলনলীলা স্মরণে করা হয় ঝুলনযাত্রা উৎসব। প্রতি বছররে মতো এবারও সিলেটে ইসকন মন্দিরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা উৎসব।
গত মঙ্গলবার (৫ আগস্ট) মন্দির প্রাঙ্গণ থেকে এই উৎসব শুরু হয়। এই অনুপম উৎসব চলবে আগামী শনিবার (৯ আগস্ট) পর্যন্ত।
ঝুলনযাত্রা উৎসবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য দেন ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ।
তিনি বলেন, ‘উৎসব মানে উৎসাহ। এমন আয়োজনে ভক্তদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ও সেবার অনুভব আরও গভীর হয়। উৎসব প্রিয় মানব। একমাত্র মানুষই উৎসব করতে পারে, এজন্য মানুষেই উৎসব করে।’
উৎসবের প্রথম দিনেই কয়েক হাজার ভক্তের ঢলে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
তিনি জানান, প্রতিদিনই থাকবে কীর্তন, সান্ধ্যকালীন ভক্তিমূলক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং ঝুলনার ব্যবস্থা।
এছাড়া, ইসকনের আরেক দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ভক্তদের উদ্দেশে বলেন, ‘প্রতিদিন বিগ্রহদের নতুন বস্ত্র প্রদান, সুগন্ধি প্রসাদ বিতরণ এবং সংকীর্তনের সময় দোলনার মাধ্যমে বিগ্রহ সেবা- এগুলো রাধা-মাধবের সন্তুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইসকন কর্তৃপক্ষ জানায়, উৎসব চলাকালীন নিরাপত্তা, সেবাকর্ম ও প্রসাদ বিতরণে নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ প্রস্তুতি। সব ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই মহোৎসব উন্মুক্ত এবং সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অমিয়/