মুন্সীগঞ্জ গজারিয়ার জামালদীতে ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে এক শিশু নিহত হওয়ার ঘটনায় উপযুক্ত বিচার ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পূর্ব ঘোষণা অনুযায়ী হোসেন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি হোসেন্দী বাজার-জামালদী সড়ক ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পুনরায় জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশ করে।
প্রতিবাদ সভায় স্থানীয়দের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে হলো- শিশু সারাফাত (৫) নিহত হওয়ার ঘটনার উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ, এই সড়ক দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভারি যানবাহন চলাচলে সময় বেঁধে দেওয়া, সড়ক সংস্কার, সড়কের পাশে ড্রেন নির্মাণ ও সড়কে পুলিশি টহলের ব্যবস্থা করা।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাদিম মাহমুদ অপু, ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, শাহ আলম, মমিন মৃধা, মাসুম মিয়া প্রমুখ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির ট্রেলারের ধাক্কায় দেয়াল ধসে সারাফাত (৫) নামে এক শিশু নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় জামিয়া (৫) নামে আরও এক শিশু। সেদিন দুর্ঘটনার পর পর উত্তেজিত জনতা হোসেন্দী-জামালদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে।
অমিয়/