দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কর্মরত শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে।
রবিবার (১৭ আগস্ট ) সকাল ১০টায় দশ মাইল মহাসড়ক সদরের নসিপুর বিএডিসি যুগ্ম মহাপরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সম্প্রতি মন্ত্রণালয় কর্তৃক জারি করা “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫” শ্রমিকদের অধিকার খর্ব করছে। তারা এই নীতিমালা বাতিল করে “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” বাস্তবায়ন, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং প্রতি মাসে ৩০ দিনের হাজিরার দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফুজ্জামান বাবু বলেন, “আমরা কৃষিখাতে দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। অথচ এখন আমাদেরকে দৈনিক ভিত্তিতে অস্থায়ী শ্রমিক হিসেবে গণ্য করে নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি শ্রমিকদের প্রতি চরম অবিচার।”
সহসভাপতি সুলতান আলী মঞ্জু বলেন, “সরকার যদি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামতে বাধ্য হব।”
সাধারণ সম্পাদক মো. মেনন হোসেন বলেন, “শ্রমিকদের নিয়মিতকরণ ছাড়া এ প্রতিষ্ঠান টিকবে না। আমরা পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি মানতে হবে।”
যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান বাবু বলেন, “শ্রমিকদের দিয়ে প্রতিষ্ঠান চালানো হয়, অথচ শ্রমিকদের জীবনের নিশ্চয়তা দেওয়া হয় না। এ বৈষম্য চলতে পারে না।”
এ ছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন এবং নির্বাহী সদস্য মো. সোহেল হোসেন। তারা একযোগে জানান, দাবি পূরণ না হলে কর্মবিরতি চলমান থাকবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নে অন্তর্ভুক্ত বিভিন্ন অফিস ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।
শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
দিনাজপুর বিএডিসির যুগ্ম পরিচালক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবু রেজা মোহাম্মদ শরীফ বলেন, "শ্রমিকরা কর্মস্থলে যুক্ত না হয়ে কর্মবিরতি করে মানববন্ধন করেছে। তাদের যদি কোন দাবি-দাওয়া লিখিত আকারে আমাদের কাছে জমা দেয় তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।"
সুলতান মাহমুদ/নাঈম/