চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে প্রথমবারের মতো ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের দেওয়া হচ্ছে চর্মবিষয়ক দশটি রোগের ব্যতিক্রমী পরামর্শ বার্তা। এতে প্রতিটি রোগের সংক্ষিপ্ত বর্ণনা ও পরবর্তী করণীয় উল্লেখ আছে।
শুক্রবার (২২ আগস্ট) থেকে উদ্যোগটি চালু করা হয়।
রোগগুলো হলো- স্ক্যাবিস, ডার্মাটোফাইটোসিস, শ্বেতী, সোরিয়াসিস, এপিডার্মোলাইসিস বুলোসা সিমপ্লেক্স, অ্যাটোপিক ডার্মাটাইটিস, লুপাস এরিথেমাটোসাস, কুষ্ঠরোগ, ইচথিওসিস ভালগারিস, পেমফিগাস ভালগারিস।
চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা বলেন, 'জনবল সংকটসহ নানা কারণে ভর্তি বা ছাড়পত্রের সময় রোগীদের সব জরুরি বার্তা জানানো সম্ভব হয় না। জানালেও তারা তা মনে রাখতে পারেন না। এ জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এতে রয়েছে প্রতিটি রোগ সম্পর্কে ধারণা, করণীয়, ওষুধ সেবনের নিয়ম, ক্রিম ব্যবহারের পরামর্শ, পার্শ্বপ্রতিক্রিয়া, খাদ্যাভ্যাস, প্রতিরোধের উপায়, সচেতনতা ও স্বাস্থ্যবিধি। রোগীরা এসব বার্তা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা পাবেন।'
বর্তমানে চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে অন্তবিভাগের শয্যা আছে ২০টি। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫০০ জন রোগী টিকিট কেটে চিকিৎসা নেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মানুষ এখানে চিকিৎসা পান। এ বিভাগে চর্মরোগের ছত্রাক সংক্রমণ, খোসপাঁচড়া, ব্যাকটেরিয়াজনিত রোগ, ব্রণ, একজিমা, ভাইরাস, প্যাপিউলো স্কোয়ামাস, যোজক কলাজনিত রোগ, শ্বেতী, আর্সেনিক ও কুষ্ঠসহ ১৪ ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়।