পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর উর্মি আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের হাওলাদার বাড়ি সংলগ্ন কুম্বখালি-নুরাইনপাশা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মি আক্তার উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান উর্মি। অনেক সময় অতিবাহিত হলেও উর্মী ঘরে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে শৌচাগারে যান। সেখানে তাকে দেখতে না পেয়ে সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে কুম্বখালি খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ও নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা নজরুল বয়াতি বলেন, 'অনেক খোঁজার পর উর্মীকে না পেয়ে বাউফল থানায় জিডি করতে গেলে পুলিশ আমাদের কোনো অভিযোগ গ্রহণ করেন নাই।'
নিহতের মামা সবুজ তালুকদারের দাবি নিহত উর্মীর সঙ্গে স্থানীয় এক ছেলের সম্পর্ক ছিল। তবে ছেলের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মশিউর/মেহেদী/