চট্টগ্রামের হালদা নদীর শাখা খাল কাটাখালী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজারের কাটাখালী খালে ভাসমান অবস্থায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। রামদাশ মুন্সিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী একাধিক মানুষের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করেন।
ডলফিনটির শরীরে পচন ধরায় সুরতহাল শেষে মাটিচাপা দেওয়া হয়। এটিকে নিয়ে চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা থেকে এখন পর্যন্ত ৪৬টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
এসব তথ্য নিশ্চিত করে এএসআই রমজান আলী গণমাধ্যমকে বলেন, কয়েক দিন আগে এটি মারা গিয়ে থাকতে পারে। এর শরীর ফুলে গিয়েছিল। পচন ধরেছিল। তাই প্রাথমিক সুরতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে হালদা নদীর রাউজানের বিনাজুরী এলাকায় সর্বশেষ একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। হালদার ডলফিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত প্রাণী। যেটাকে অতিবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়।
উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে আরও ছিলেন নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক, সদস্য মোহাম্মদ আলী, মো. ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার, রিসার্চ অ্যাসোসিয়েট এ এইচ এম শিহার নেওয়াজ। এটির দৈর্ঘ্য ছিল ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি, ওজন ৩৭ কেজি। ধারণা করা হচ্ছে, জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। এটির ঠোঁট কাটা ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রধান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া খবরের কাগজকে বলেন, ‘সোমবারেরটিসহ বিভিন্ন সময়ে হালদা থেকে মোট ৪৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।'