রাঙামাটির বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্য অন্তর চাকমা (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হাজাছড়ি এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় সেনা সদস্যরা।
অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল সেখানে ঘেরাও করে তল্লাশি শুরু করে। এ সময় জেএসএস (মূল) দলের সশস্ত্র চাঁদাবাজ অন্তর চাকমা সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনাসদস্যরা দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা অন্তর চাকমার কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।
পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আটক করে। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয় হয়। পরবর্তীতে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ অন্তর চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতেন। অভিযানে সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেপ্তার অন্তর চাকমার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুয়েল/মেহেদী/