সাতক্ষীরায় জামায়াত মনোনীত প্রার্থীর লিফলেট বিতরণকে কেন্দ্র করে জামায়াতের নারী নেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম ছোট নামে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মহিলা জামায়াতের কয়েকজন কর্মী সদর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ছোট তাদের বাধা দেন এবং ইউনিয়ন সভানেত্রী রাকমা বেগমকে ধাক্কা দেন বলে দাবি করেছেন জামায়াতের নেত্রীরা। পরে খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পরে জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা এবং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে মীমাংসার চেষ্টা করেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম ছোট অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের রাস্তায় চলাচলের সমস্যা থাকায় তাদের যেতে নিষেধ করেছিলাম। তবে আমি কাউকে ধাক্কা দেইনি।’
জামায়াতের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এর আগে গত ২৬ আগস্ট ওই এলাকায় সাংগঠনিক কার্যক্রমে গেলে বিএনপির এক নেতা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
জাকির/রিফাত/