চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নূরুল্লাহ নূরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে চেম্বারের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১-এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার দায়িত্বের মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে। এ কারণে সরকারের অনুমোদনক্রমে নুরুল্লাহ নূরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন। নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।
গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। শুরুতে তার মেয়াদ ছিল ১২০ দিন। পরে আরও দুই দফা মেয়াদ বাড়ানো হয়। সব শেষ গত ৩ জুলাই এক প্রজ্ঞাপনে তার মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়। ৮ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়।
এর আগে গত সোমবার দুপুরে নগরের আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার অপসারণ দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম।
বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) পরিচালক শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে একাধিক সংগঠনের নেতারা অংশ নেন।