ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর মৌজায় নিজের কেনা জমিতে দোকান নির্মাণ করতে গিয়ে চাঁদাবাজদের হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. হারুনুর রশিদ ভুঁইয়া।
শনিবার (২০ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে উপজেলা মডেল মসজিদে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, আখাউড়া উপজেলার রাধানগর ২৬ মৌজার এসএ ও বিএস খতিয়ানভুক্ত সর্বমোট ৬২ শতক জমি তিনি ২০২৫ সালের বিভিন্ন সময়ে একাধিক দলিলের মাধ্যমে সামছুদ্দিন আহাম্মদ গং-এর থেকে বৈধভাবে কিনেন। ওই জমির বিএস খতিয়ান, খারিজ খতিয়ান (নং ২৫-২৯০৮ ও ২৫-২৯৩১) এবং নামজারি সম্পন্ন হয়েছে। সবশেষ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়েছে। জমির সীমানা উপজেলা প্রশাসনের সার্ভেয়ার দ্বারা চিহ্নিত রয়েছে এবং তিনি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, “আমি আমার বৈধ জমিতে বাউন্ডারি ওয়াল ও দোকান নির্মাণ শুরু করলে একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে। তারা হুমকি দিচ্ছে, চাঁদা না দিলে আমাকে নির্মাণ কাজ করতে দেবে না। যে কোনো সময় তারা আমার জমিতে আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।”
হারুনুর রশিদ ভুঁইয়া আরও বলেন, জমিটি ১৯৮৬ সালে হাজী আমিনুল হক চৌধুরীর থেকে সামছুদ্দিন আহাম্মদ গং ক্রয় করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দলিলের মাধ্যমে জমিটি নিজ নামে নামজারি সম্পন্ন করেন। তবুও একটি সংঘবদ্ধ চক্র তার বৈধ মালিকানাধীন জমিতে নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করছে।
তিনি এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য এলেম খান, পৌর শহরের বড়বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহসভাপতি মোতাহার হোসেন, ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমুখ।
জুটন বণিক/নাঈম