ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখানোর কথা বলে এক আদিবাসী কিশোরীকে (১৬) ডেকে নেন মো. মিলন (২১) নামে এক যুবক। পরে ফেরার পথে ওই কিশোরিকে অটোরিকশায় তুলে দেন তিনি। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করেন অটোরিকশার চালক আবুল বাশার। এ ঘটনায় মো. মিলন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুবলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রেপ্তার মো. মিলন একই উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পূজা দেখার জন্য ওই কিশোরীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন। পরে তাকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, মামলার পর মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মিন্টু/মেহেদী/