নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ওড়না পেচানো অবস্থায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টায় পুলিশ নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহতরা হলেন সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (১৯)। নিহত সাব্বির হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে বন্দর উপজেলার গোকুল দেশের বাগ আনন্দ নগর এলাকার নবীর হোসেনের মেয়ে ২০২১ সালে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকে সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের দীর্ঘ দিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতদের দাম্পত্য জীবনে তিন বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
নিহত সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, শুক্রবার রাতে তার বাসায় গিয়েছিলেন। খাবার খেয়ে চলে আসেন। পরে আত্মহত্যার খবর শুনে তাদের বাসায় এসেছি। তিনি আরও বলেন, গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের দু’জনের দ্বন্দ্ব নিরসন করেন। এরপর তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না।
নিহত সিনথিয়া আক্তারের মা শাহের বানু জানান, রাতে তাদের মৃত্যুর খবর পেয়ে এখানে এসে রহস্যজনক মনে হয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কারণ উদঘাটন হবে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ইমরান হোসেন/মাহফুজ