সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ করেন।
প্রায় আধাঘন্টার অররোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগে তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জানা গেছে, সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম গত ১০ অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৪দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সর্ম্পকে বিয়ে করে মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
হত্যার ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর পরদিন বুধবার বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মরদেহ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর স্বামী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেন স্বামী রায়হান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেয়।
তিনি আরও বলেন, কলেজশিক্ষার্থী হত্যায় জড়িত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা বের করা চেষ্টা চলছে।
ইমরান হোসেন/এসএন/