সিলেটে ১ হাজার ৪৮২ পিস ভারতীয় শাড়ির চালানসহ রয়েল ও আজির নামে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরমা বাইপাস পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এরপর রবিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, রবিবার সকালে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের টু আই সি এসআই সোহেল চন্দ্র সরকার ফোর্সসহ সুরমা বাইপাস পয়েন্টে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক পণ্যবাহী একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশীকালে ভারতীয় শাড়ি উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।
আটক মালামালের মধ্যে আছে- ৫৬ বস্তায় ১ হাজার ৪৮২ পিস ভারতীয় কাতান শাড়িসহ মোট ২ হাজার ৭১ পিস ভারতীয় শাড়ি এবং একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯)। উদ্ধার করা ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার টাকা।
আটকরা হলেন- জৈন্তাপুরের হরিপুর এলাকার আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'সুরমা বাইপাস পয়েন্টে একটি কাভার্ডভ্যান তল্লাশীর সময় ৫৬টি বস্তায় ১ হাজার ৪৮২ পিস ভারতীয় কাতান শাড়িসহ অন্যান্য ব্র্যান্ডের আরও ৫৮৯ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ৭১ লাখ ৬ হাজার টাকা। এ ছাড়া কাভার্ডভ্যানটিও আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মৌসুমী/