ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)–এর শিক্ষার্থী শামীম মকসুদ খান জয় (২৬)-এর মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ। তার হাত–পায়ের রগ কাটা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
রবিবার (১৯ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোডসংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ বা শিক্ষার্থীর পরিবার। জয় এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন।
পুলিশ জানায়, শামীমের গ্রামের বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি নগরের বন্দর আবাসিক এলাকার বড়পোল মহল্লায় মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, রাতে স্থানীয় কয়েকজন সাগরতীরের কাশবনের ভেতরে শামীমকে হাত–পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রথমে হালিশহর থানা–পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা শামীমের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানায়, দুপুরে শামীমের মোবাইলে একটি ফোন কল এসেছিল। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে মোবাইল ফোনটি বাসায়ই রেখে যান। তদন্ত চলছে; এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
মেহেদী/