ঝিনাইদহের মহেশপুরে বিষধর সাপ নিয়ে ঐতিহ্যবাহী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে এ ঝাপান খেলা অনুষ্ঠিত হয়।
ঝাঁপান খেলা ঘিরে পুরো ভৈরবা বাজার পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ঐতিহ্যের এই ব্যতিক্রমী খেলাটি উপভোগ করতে ভিড় জমান।
আয়োজকরা বলেন, ‘গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের বিনোদনের জন্যই এই ঝাঁপান খেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঁচজন খ্যাতনামা সাপুড়ে।’
ঝিনাইদহের লিটন ও সোহেল আহমেদ, মাগুরার সাগর হোসেন, চুয়াডাঙ্গার একমাত্র নারী সাপুড়ে বৃষ্টি এবং শৈলকূপার সবুজ সাপুড়ে। ওস্তাদ লিটনের নেতৃত্বে তারা বিষধর সাপ ধরা, নিয়ন্ত্রণ ও নানা রোমাঞ্চকর প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেন।
সাহস ও দক্ষতার সমন্বয়ে তাদের উপস্থাপনা দর্শকদের মাঝে তৈরি করে রোমাঞ্চ ও উচ্ছ্বাস। দিন শেষে শ্রেষ্ঠ সাপুড়ে নির্বাচিত হন ঝিনাইদহের লিটন সাপুড়ে, তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন আয়োজক কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকে মোবাইল গেমসসহ অপ্রয়োজনীয় কাজে আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ওস্তাদ লিটন সাপুড়ে বলেন, ‘আমরা এই ঝাঁপান খেলার মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে আবারও মানুষের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি। দিনব্যাপী এ ঝাঁপান খেলা শুধু বিনোদনই নয়, বরং এটি ছিল এক প্রাণবন্ত গ্রামীণ সংস্কৃতি উৎসব।’
মাহফুজুর রহমান/নাঈম