বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে মো. মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মো. জনি (৩৮)।
মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোর রাতে একটি মিনি ট্রাকযোগে চোর চক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পরে এলাকাবাসী চোরচক্রকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় চার চোরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। বাকি আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় আরও তিন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানান স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন, ‘গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
রিফাত/নাঈম