ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মাদরাসা শিক্ষার্থী নুসরাত (১০), সাদিয়া খাতুন (৬), রওজা আক্তার (১২), নুসরাত (১১), জান্নাতুল মাওয়া (৮), উম্মে তাইসান (০৫) এবং মাদরাসার আয়া আলেয়া (২২)।
মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার চারতলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের উপর পড়ে যায়। আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আয়া। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে ৬ শিক্ষার্থী দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, দগ্ধদের সবার অবস্থা বেশি সংকটাপন্ন না হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আজিজুল/মেহেদী/