ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডা. কাজেম হত্যা ২ বছর পেরোলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
২ বছর পেরোলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা
সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা। ছবি: খবরের কাগজ

রাজশাহীর প্রখ্যাত চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী হত্যাকাণ্ডে ছয়জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত মোস্তফাসহ আরও দুইজন এখনো পলাতক রয়েছেন। এই ঘটনায় তদন্তে গড়িমসি ও মূল খুনিদের গ্রেপ্তারে দেরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মী চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ও রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, এনডিএফের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এনডিএফ রাজশাহীর সভাপতি ডা. রেজাউল ইসলাম, সহসভাপতি ডা. এম মুর্শেদ জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক ডা. এএসএম আব্দুল্লাহ এবং শহিদ ডা. কাজেম স্মৃতি পরিষদের সভাপতি ডা. মশিউর রহমানসহ অন্য চিকিৎসকরা।

লিখিত বক্তব্যে ডা. মশিউর রহমান বলেন, ‘২০২৩ সালের ২৯ অক্টোবর ডা. কাজেম আলীকে নৃশংসভাবে খুন করা হয়। পরদিন তার স্ত্রী রাজপাড়া থানায় মামলা করেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।’

তিনি আরও জানান, পুলিশ মোবাইলের সিডিআর বিশ্লেষণ করে ছয়জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। এর মধ্যে গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি মোস্তফাসহ দুজন এখনো পলাতক।

ডা. মশিউর আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমরা ভয় পাচ্ছি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নাও হতে পারে। দুই বছরেও মূল খুনিদের ধরা হয়নি।’

ডা. কাজেমের ব্যাচমেট ডা. জাহাঙ্গীর আলম বলেন, “মূল অভিযুক্ত মহিদুল ইসলাম মোস্তফা পেশায় বাবুর্চি। তিনি নগরীর শিল্পীপাড়ার বাসিন্দা। ১৬৪ ধারায় শাহাজাদা নামে এক আসামি স্বীকার করেছে, ‘আমি ছিলাম, মোস্তফাও ছিল’। এটি নিছক ব্যক্তিগত নয়, রাজনৈতিক হত্যাকাণ্ড।”

এনডিএফ রাজশাহীর সহসভাপতি ডা. মুর্শেদ জামান মিঞা বলেন, ‘ঘটনাটি নির্বাচনের আগে ঘটে। তখন আমাদের অনেকের নাম কিলিং লিস্টে ছিল। পুলিশ জানিয়েছিল, নিরাপত্তা নিতে। পরে জানতে পারি, তৎকালীন আরএমপি কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলেছেন।’

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও এনডিএফের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ডা. কাজেম আলী হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওইদিনই আরও এক পল্লী চিকিৎসক খুন হন। দেশে এ ধরনের গুম-খুনের ঘটনা বেড়েই চলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

প্রফেসর ডা. ওয়াসিম হোসেন বলেন, ‘রাজনীতি বাদ দিন- ডা. কাজেম একজন নাগরিক ও চিকিৎসক। তাকে খুন করা হয়েছে, এটি সত্য। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে চার্জশিট দিতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।’

পরে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চিকিৎসকরা দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়সল আলম, প্রফেসর ডা. রেজাউল ইসলাম, প্রফেসর ডা. হাসানুজ্জামান হাসু, ডা. মুর্শেদ জামান মিঞা, ডা. মশিউর রহমানসহ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।

চিকিৎসক নেতারা বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি রোগীদের কষ্ট দিয়ে। কিন্তু ডা. কাজেম আলীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘মামলাটি রাজশাহী পিবিআই তদন্ত করছে। তারাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।’

তবে মামলার অগ্রগতি জানতে পিবিআই রাজশাহীর ইউনিট ইনচার্জ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েত/এসজি/

 

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ছবি: খবরের কাগজ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে রাসেল মিয়া, তিনি পিকআপের চালক ছিলেন এবং একই গ্রামের মো. কাউসারের ছেলে মো. আরাফাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আরিচাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহযোগী নিহত হন।

দুর্ঘটনায় পিকআপে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

আসাদ/আমান

সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলে গত ৩৬ ঘন্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস।

গত ৩৬ ঘন্টায় সিলেটের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা সিলেট আবহাওয়া অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ৪০.৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন। সিলেটে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে সাময়িক দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে।

কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন খবরের কাগজকে বলেন, এখন বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। তবে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সর্তক থাকতে হবে।

আমান/

চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) শেষ বিকেলে দুধপাতিলা গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন মারা যান। এ সময় কাদের (২২) নামে আরও একজন গুরুতর আহত হন। আহত কাদের ডুগডুগি কলোনি পাড়ার রহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত কাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু।

মিজানুর রহমান/নাঈম

উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির চাপায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটিকে জব্দ করেছে পুলিশ এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহপরীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আটক চালক মো. ইসহাক মিন্টু (৪০) কক্সবাজার শহরের বাসিন্দা। তিনি আইওএমের কর্মীদের বহনকারী গাড়িটি চালাচ্ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিকেলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আইওএমের কর্মীদের নিয়ে একটি গাড়ি কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয় এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি সাইফুল আরও বলেন, নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারেকুর রহমান/নাঈম

চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু
ছবি: খবরের কাগজ

দুই শতাধিক জাতের আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলা শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় সরকারি ও বেসরকারি ১৭টি স্টলে আমভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই শতাধিক জাতের সুমিষ্ট আমের প্রদর্শনী। এছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ফল।

আয়োজকরা জানান, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২০ জুন এই আম মেলা শেষ হবে।

উদ্বোধন উপলক্ষে মেলার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আম শুধু একটি ফল নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরো উন্নয়ন ঘটাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল। আম চাষ, সংগ্রহ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা রয়েছে।

সভাপতির বক্তব্যে উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের ‘আমের রাজধানী’ হিসেবে সুপরিচিত। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আম চাষের মাধ্যমে কৃষকরা এখন অধিক লাভবান হচ্ছেন।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনসহ কৃষকরা।

আসাদুল্লাহ/আমান