চট্টগ্রামের পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ফজিলাতুন্নেছা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাসিন্দা। তার স্বামী মো. আলিমুজ্জামান সুজন (৩১) নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত। তাদের ছয় বছর বয়সী পুত্রের নাম হুমায়ের হাম্মাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা মোটরসাইকেলযোগে আলিমুজ্জামান, তার স্ত্রী ও ছেলে চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হন। নয়াহাট এলাকায় পৌঁছালে সামনে চলা একটি লেগুনা হঠাৎ ব্রেক করলে আলিমুজ্জামানও মোটরসাইকেলটি থামান। সে সময় পেছনের সিটে থাকা স্ত্রী ফজিলাতুন্নেছা হঠাৎ পিছলে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ‘লন্ডন এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়। তবে তার স্বামী ও শিশু সন্তান অক্ষত রয়েছেন।
রাফিউল আকরাম আলভী/রিফাত/