গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় বৃহস্পতিবার ভোরে।
পরে সকালে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক এবং মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনের সাবেক এক ছাত্রনেতাসহ আরও ছয়জন রয়েছেন বলে জানায় সেনাবাহিনীর সদস্যরা। তবে, সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
আটকরা হলেন, আলহাজ এনামুল হক মোল্লা (৪৮) যিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে শ্রীপুর উপজেলায় বিএনপির হয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। অন্যরা হলেন-শওকত মীর, জাহিদ,মোস্তফা, সিদ্দিক, বুলবুল,তোফাজ্জল।
অভিযানে তাদের অবস্থানস্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে পিস্তল ২টি, ম্যাগাজিন ৩টি, গুলি ৪ রাউন্ড, ওয়াকিটকি ৪টি, বেটন ৪টি, ইলেকট্রিক শর্ট মেশিন ২টি, হ্যামার নেল গান ১টি, চাকু ১টি ও মোটরসাইকেল ১টি।
যৌথবাহিনীর অভিযানে সময় সঙ্গে থাকা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুনায়েদ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানাবেন।
পলাশ প্রধান/অমিয়/