চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ইমেজিং রিপোর্ট সুচিকিৎসা নিশ্চিত করা যায়।
শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
আলোচনা সভায় অধ্যাপক ডা. আনিসুল মাওলা, শেভরণ ল্যাবরেটরিজের পরিচালক প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী, ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়, এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্সরে এর নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক।
তারা আরও বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালেই এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি। যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।