রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে সিএনজিচালিত অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৬৫) নামে নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অপর নারী যাত্রীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পাড়ার মিলন কার্বারীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান (মৌজা প্রধান) হিটলার দেওয়ান।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, রাঙামাটি থেকে কাপ্তাইয়ে আসার পথে যাত্রীবাহী ওই অটোরিকশাটি বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। চালক দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও হাতির আক্রমণে ভেঙে যায় অটোরিকশাটি। পরে আহতদেরকে অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যে একজন মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন আছেন।
এদিকে রাতে কাপ্তাই প্রজেক্ট এলাকায় আরেকটি অটোরিকশা হাতির আক্রমনের শিকার হয়। এ সময় চালক দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও অটোরিকশাটি খাদে ফেলে দেয় হাতি। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে।
জুয়েল/মেহেদী/