ভূমিকম্পের সময় নরসিংদীতে কাজম আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ভূমিকম্পের সময় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কাজম আলী পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে হুড়োহুড়ি করে নামার সময় আহত হয়েছেন অন্তত ৭০ জন নারী-পুরুষ। তারা নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। কেন্দ্রস্থল ছিল জেলার মাধবদী এলাকায়। হঠাৎ কম্পন অনুভূত হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে বিভিন্ন স্থাপনার দেয়ালে ও মাটি ফাটল ধরাসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এ ঘটনায় মাধবদীতে হতাহতের খবর না পাওয়া গেলেও জেলা সদর, পলাশ ও ঘোড়াশালসহ বিভিন্ন এলাকায় আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক।
তিনি জানান, নরসিংদী সদর হাসপাতালে ৪৭ জন এবং জেলা হাসপাতালে ১২ জনসহ মোট ৫৯ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের ছাদ ধসে নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
এদিকে পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের সময় জাতীয় গ্রিডের সাবস্টেশনের একটি যন্ত্রাংশে আগুন লাগে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পের আঘাতেই সাব স্টেশনে আগুন লাগে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও তিনি জানান।
নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, শিশু-নারীসহ প্রায় ৭০ জন আহত হয়েছেন। নরসিংদী জেলা পুলিশের সব ইউনিট দুর্যোগের মুহূর্তে দ্রুত সহায়তা, চিকিৎসা সেবা, রক্তদান ও সুরক্ষায় কাজ করছে। তিনি ভূমিকম্পে আহতদের খোঁজখবর নিতে তাদের বাড়িতেও যাচ্ছেন।
শাহিন/মাহফুজ