জামালপুরের বকশীগঞ্জে বড় ভাই বিএনপি নেতার মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহ-সভাপতি ছানু সওদাগরের জানাজায় অংশ নেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।
সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়িতে পৌঁছালে উপস্থিত কয়েকশ মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে। জানাজায় বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক এই পৌর মেয়র।
বিএনপি নেতার জানাজায় এ সময় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার বক্তব্য রাখেন।
সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। জানাজায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন নজরুল ইসলাম সওদাগর।
আসিফ/মাহফুজ