নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্তুষ সরকার (৪২) ওই গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ী বাজারে জুয়েলারি (স্বর্ণ) ব্যবসা করতেন। স্থানীয়দের বরাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে প্রান্তুষ সরকার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুইজন ব্যক্তি এসে তাকে বাইরে গিয়ে কিছু কথা বলার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তারা প্রান্তুষকে দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে প্রান্তুষ মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি হেনা রাণী সরকার জানান, দুইজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে যায়। তাদের একজনের মুখ খোলা ছিল, অন্যজনের মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর আমিও দেবরের খুঁজে মাঠে যাই। সেখানে পৌঁছেই দেখি তারা প্রান্তুষকে পিস্তল দিয়ে গুলি করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়ে নিহতের স্বজনরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রাথমিক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে।
শাহিন/মাহফুজ